Total Pageviews

Showing posts with label শিশুর স্বাস্থ্য. Show all posts
Showing posts with label শিশুর স্বাস্থ্য. Show all posts

Wednesday, October 5, 2011

শিশুর স্থূলতাও ভালো নয়

ছবিটি প্রতীকী। সব শিশুর জন্য চাই এমন উন্মুক্ত খেলাধুলার পরিবেশ ছবিটি প্রতীকী। সব শিশুর জন্য চাই এমন উন্মুক্ত খেলাধুলার পরিবেশ
শিশুরোগ বিশেষজ্ঞ
বারডেম ও ইব্রাহিম মেডিকেল কলেজ।

তিথির বয়স আট বছর। দিন দিন মোটা হয়ে যাচ্ছে। তার ওজন ৫৫ কেজি। ক্লাস থ্রিতে পড়ে। ক্লাসে সে সবার চেয়ে মোটা ও লম্বা, বাড়ন্ত শরীর। মাঝেমধ্যে এর জন্য বিব্রত হতে হয়। মা-বাবাও উদ্বিগ্ন। বুঝতে পারছেন না, কী করবেন। এই যে বয়সের তুলনায় ওজন অনেক বেশি, এটাকে আমরা বলি অবেসিটি বা স্থূলতা। শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা দিন দিন বেড়েই চলেছে। স্থূলতা অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে। অনেকেই জানতে চান, শিশু অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে কেন। স্থূলতার কারণগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি।

বংশানুক্রমিক ধারা: মা, বাবা বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা থাকলে শিশুরাও মোটা হতে পারে। মায়ের যদি ডায়াবেটিস থাকে বা মা যদি মোটা হন, তাহলে নবজাতকের ওজনও বেশি হয়। শৈশবে শিশুদের ওজন বেশি থাকলে পরবর্তী সময়েও তারা মোটা হতে থাকে।
হরমোনজনিত কারণ: শরীরে কোনো কোনো হরমোনের তারতম্য হলে শিশুরা স্থূল হতে পারে।
পরিবেশগত কারণ: এর মধ্যে আছে শিশুর জীবনাচরণ; যেমন—দৈনন্দিন কাজ, খাদ্যাভ্যাস, শারীরিক শ্রম।
শিশুর জীবনাচরণ ওজন বাড়ার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমাদের শৈশবের কথা যদি আমরা মনে করি, তাহলে বর্তমান সময়ের শিশুদের জন্য আমাদের কষ্ট হয়। আমরা স্কুলে, বাইরে অবারিত মাঠে খেলাধুলা করেছি, সাঁতার কেটেছি, হেঁটে স্কুলে গিয়েছি এবং বাসায় নিজের কাজ নিজেরাই করতে চেষ্টা করেছি।
এখনকার শিশুরা খেলাধুলার সুযোগ পায় না। টেলিভিশন দেখে, ভিডিও গেম খেলে আর কম্পিউটারের বোতাম টিপে সময় কাটায়। অনেক শিশু, বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের শিশুরা আঁশযুক্ত খাবার, যেমন—শাকসবজি, ফলমূল খেতে চায় না। ফাস্টফুড, চকলেট, কোমল পানীয়, ফলের রস বেশি খায়। শারীরিক শ্রমে যেটুকু শক্তি ব্যয় হয়, তার চেয়ে বেশি ক্যালরি খাওয়া স্থূলতার প্রধান কারণ। তা ছাড়া একটু বড় হয়ে শিশুরা কিছু কাজ বাসায় করতে পারে; যেমন—নিজের বইখাতা, ব্যাগ, কাপড় গুছিয়ে রাখা; ঘর পরিষ্কার করা, বাসায় অন্যান্য কাজে মা-বাবাকে সাহায্য করা। কিন্তু আজকের শিশুরা এসব কাজে কোনো আগ্রহ দেখায় না। এমনকি নিজের কাজেও অন্যের ওপর নির্ভরশীল থাকে। শিশুর ওজন বেড়ে গেলে পরবর্তী সময়ে অনেক জটিলতা দেখা দিতে পারে। এ ব্যাপারে অনেক মা-বাবাই সচেতন নন।

স্থূলকায় শিশুদের জটিলতাগুলো হলো—
 রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া।
 উচ্চ রক্তচাপ, হূৎ পিণ্ডের সমস্যা।
 ডায়াবেটিস, হাড় ও গিঁটে ব্যথা।
 শ্বাসকষ্ট, ঘুম ঘুম ভাব, ঘুমের মধ্যে নাকডাকা, ঘুমের ভেতর শ্বাসকষ্ট হওয়া।
 পিত্তথলিতে পাথর বা প্রদাহ, চর্বি জমে লিভারের স্থায়ী সমস্যা।
 অল্প বয়সে দাড়ি-গোঁফ ওঠা বা মেয়েশিশুদের মাসিক হয়ে যাওয়া।
 ঘাড় ও ভাঁজে ভাঁজে কালো দাগ দেখা দেওয়া।
 শারীরিক ও মানসিক অবসাদ।

স্থূলতা রোধে মা-বাবার করণীয়
 শিশুকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ দেওয়া। কৌটার দুধ বা কৃত্রিম খাবার খেলে শিশু দ্রুত মোটা হয়ে যায়।
 ছয় মাস বয়স থেকে পরিবারের খাবার, যার মধ্যে অবশ্যই শাকসবজি, ফলমূল থাকবে। ভাত, আলু, মিষ্টি কম খেতে দিতে হবে যদি শিশুর ওজন বেড়ে যেতে থাকে। ফাস্টফুড, কোমল পানীয়, চকলেট, আইসক্রিম কম খেতে দিতে হবে।
 শিশুকে নিজের কাজ করতে উৎ সাহিত করতে হবে।
 বাইরে খেলাধুলার সুযোগ করে দিতে হবে।
মনে রাখবেন, স্থূলতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা। শিশুর ওজন বেড়ে গেলে তা বাড়তেই থাকে। শিশুর জীবনযাপন পরিবর্তনে মা-বাবার সচেতনতাই স্থূলতাকে প্রতিরোধ করতে যথেষ্ট। আপনার শিশু ও আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।

Saturday, September 17, 2011

শিশুর চোখের সমস্যা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যত এই প্রজন্মের সুস্থতার উপর দেশ ও দশের এগিয়ে যাওয়া অনেকাংশে নির্ভরশীল। শারীরিক ও মানষিক সুস্থতার পাশাপাশি চোখের সুস্থতাও সমান গুরুত্ব বহন করে।
গুরুত্বঃ দৃষ্টিহীন শিশুকে অন্যের উপর নির্ভর করে সারাজীবন কাটাতে হয়। এতে দেশ দুই জন মানুষের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়। এছাড়াও পর নির্ভরশীলতার কারণে শিশু মানষিকভাবেও বির্পযস্ত হয়ে পড়ে।
দৃষ্টিস্বল্পতার কারণ: জন্মগত ছানি পাওয়ার জনিত দৃষ্টিস্বল্পতা কর্ণিয়ার ঘা চোখে আঘাত চোখের ক্যান্সার (রেটিনোব্লাস্টমা) চোখের প্রদাহ (ইউভাইটিস) শিশুর চোখের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে চোখের চুলকানী বা অ্যালার্জী এবং চোখ দিয়ে পানি পড়া অন্যতম।
ছানিঃ জন্মের পর পর বা কিছুদিন পর এক বা উভয় চোখে সাদা আস্তর দেখা যাওয়া ছানিরোগের লক্ষণ। ডেলিভারীর সময় চোখে আঘাতের কারণে, গর্ভকালীন মায়ের রুবেলা জ্বর, বিভিন্ন ওষুধ সেবন এবং বংশগত কারণে শিশুর চোখের ছানি পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের মাধ্যমে ছানি অপসারণ করে পরবর্তীতে সময়মত কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে এই রোগের চিকিত্সা সম্ভব। অপারেশনের বিলম্বের কারণে চিরতরে শিশু দৃষ্টি হারাতে পারে।
পাওয়ার জনিত দৃষ্টিস্বল্পতা: ঘনঘন চোখ নড়াচড়া করা, চোখ বেঁকে যাওয়া, বস্তু অনুসরণ না করতে পারা, ঘনঘন চোখে হাত দেয়া, কাছে গিয়ে টেলিভিশন দেখা, মাথাব্যাথা করা ইত্যাদি দৃষ্টিস্বল্পতা লক্ষণ। ডাক্তারের পরামর্শ নিয়ে চশমা ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।
কর্ণিয়ার ঘা: অপুষ্টি জনিত কারণে ভিটামিন এর অভাবে দুই চোখে ঘা হতে পারে। এছাড়াও ডেলিভারীর সময়ে চোখে আঘাতের কারণে এবং জন্মের পরে যে কোন সময়ে জীবানু সংক্রমনের কারণে চোখে ঘা হতে পারে। চোখে ব্যথা, আলোতে চোখ খুলতে না পারা, চোখ লাল হওয়া, কালোমনিতে সাদা দাগ পড়া এ রোগের লক্ষণ। ডাক্তারের পরামর্শে চোখের জীবানু পরীক্ষা করে এই রোগের চিকিত্সা সম্ভব।
চোখের ক্যান্সারঃ বিড়ালের চোখের মত চোখ জ্বল জ্বল করা, চোখ লাল হওয়া এই রোগের লক্ষণ, চোখে ব্যথা হওয়া, চোখ বেঁকে যাওয়া, চোখ ফুলে যাওয়া ইত্যাদি চোখের ক্যান্সার বা রেটিনোব্লাসটোয়ার লক্ষণ। এই সব লক্ষণ দেখামাত্র দেরী না করে চক্ষু বিশেজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন। চোখের ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়লে জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
চোখের এলার্জী :ঘনঘন চোখে হাত দেয়া, চোখ কচলানো, চোখ লাল হওয়া, শুষ্ক মৌসুমে এই রোগ রোগ বেশী দেখা যায়। বছরে ২/৩ বার চোখে অযালার্জী হতে পারে। ধুলাবালি, ধুঁয়া, বিভিন্ন খাবার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থে শরীরে এবং চোখে অযালার্জী হতে পারে।
চোখ দিয়ে পানি পড়া: জন্মগতভাবে চোখের পানি সরে যাবার নেত্রনালী বন্ধ থাকলে চোখের পানি উপচে পড়ে। এতে চিন্তিত হবার কিছু নাই। ১-২ বছরের মধ্যে বন্ধনালী আপনাতেই খুলে গেলে চোখের পানি পড়া অনেকাংশে কমে যায়। ডাক্তারের পরামর্শ মোতাবেক চোখের কোণায় মালিশ করা এবং চোখে ড্রপ ব্যবহারে এই রোগের চিকিত্সা সম্ভব। পরিশেষে বলতে হয়, শিশুরা অনেক কিছু বলে বোঝাতে পারেনা। ফলে তাদের সমস্যাগুলো অপ্রকাশ্যই থেকে যায়। এ সকল সমস্যা শেষ পর্যন্ত শিশুর অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং শিশুর দৃষ্টি অধিকার রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে।
ডাঃ শামস মোহাম্মদ নোমান
চক্ষু বিশেষজ্ঞ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম
সূত্র: দৈনিক ইত্তেফাক

শিশুর কানের সমস্যা লাঘবে

children-ears-problem
এক. বহিঃকর্ণের প্রদাহ
নদীমাতৃক বাংলাদেশ। এ দেশের খাল-বিল, পুকুর-নদী পানিতে টইটম্বুর হয়ে থাকে বছরের অধিকাংশ সময়। আর তাতে কলাগাছের ভেলা বানিয়ে হোক বা এমনিতে ঘোর বর্ষণের সঙ্গে তাল রেখে ঝাঁপ দেবে দামাল শৈশব। এতক্ষণ ধরে পানিতে থাকলে কানে কিছু সমস্যা তো হতেই পারে।
ওটাইটিস এক্সটারনাকে বলা হয় সাঁতারুদের কান। বাইরের কর্ণের ব্যাকটেরিয়া বা ফাঙাশ জীবাণুঘটিত সংক্রমণ। কর্ণপথের বাইরের অংশ বাইরের ভুবনের শব্দ নাক-কানের ড্রামে পৌঁছে দেয়। এর ত্বক ছিঁড়ে শুকনো হয়ে একজিমাও হতে পারে। আবার মধ্যকর্ণ প্রদাহ হলে সৃষ্ট পুঁজ কর্ণ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে এসে এখানে ঘা তৈরি করতে পারে।
রোগলক্ষণাদি: বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের তেমন জ্বর থাকে না। তবে কর্ণের বাইরের অংশ বেশ ফোলা, লালচে ও তপ্তভাব থাকে। শিশু বেশ অস্বস্তিতে থাকে। প্রচণ্ড ব্যথা হতে পারে।
চিকিৎসা: চিকিৎসক অসুখের ধরন অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন। সাধারণ মাত্রায় কানের ড্রপস ও ব্যথানিরোধক প্যারাসিটামলে কাজ হয়। কখনো বা মুখে খাবার অ্যান্টিবায়োটিকস লাগে।
প্রতিরোধ
 স্নানের পর পর বাচ্চার মাথার পানি সাততাড়াতাড়ি শুকনো তোয়ালে দিয়ে শুকিয়ে নেওয়া এবং তারও আগে মাথার পানি যেন কানের ভেতরে না ঢুকে পাশ দিয়ে ঝরে যায়, সে ব্যবস্থা অবলম্বন করা।
 কান থেকে ১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার ব্যবহার করে কান ও পাশের চুল শুকিয়ে নিতে হবে।
 কখনো যেন কানে কোনো বস্তু ঢোকানো না হয়। কখনো এ কাজে কটন বাড যেন ব্যবহূত করা না হয়।
দুই. শিশু কানের মোম
ইয়ার ওয়াক্স। বলা হয় কানের খৈল। মধ্যকর্ণের বাইরে এটি তৈরি হয়। মেডিকেল নাম সেরুমেন। অনেক দরকারি কাজ সম্পাদন করে। কানের ড্রাম ও কর্ণনালি শুকনো রাখতে, তাতে যেন জীবাণু প্রবেশ অবাধ না হয়, ময়লা, ধুলাবালু ভেতরে ঢুকে কর্ণপর্দায় যেন আঘাত না করে, তাই এ ব্যবস্থা। গোসলের সময় কার্য সমাধা শেষে এই কানের খৈল আপনাআপনি ঝরে বেরিয়ে যায়। এটা বের করে আনার জন্য কোনো ব্যবস্থা নিতে হয় না। নিয়মিত স্বাস্থ্যকর স্নান এর জন্য যথেষ্ট।
 কোনো কোনো ক্ষেত্রে বেশি মোম ভেতরে আটকে গেলে শিশু কানে ব্যথা, কানে শোনার সমস্যা—এসব নিয়ে আসতে পারে। এ অবস্থায় তার চিকিৎসা করাতে হবে। কিউরিটি ও অটোসকোপসংবলিত ব্যবস্থাপনায় এর সহজ সুরাহা হয়ে যায় কয়েক মিনিটে।
 তবে আপনার শিশু যদি কানে ব্যথার কথা জানায় এবং কানের মোম বাইরে থেকে দেখা যায়, তবে পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে তা আপনি বের করে নিয়ে আসতে পারেন। কখনো কটন সোয়াব, আঙুল বা কিছু ঢুকিয়ে তা বের করে আনার চেষ্টা চালাবেন না। এতে করে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। শিশু বধির হয়ে যাওয়ার মতো জটিলতা তৈরি হয়। তা ছাড়া কানের খৈল ভেতরে ঢুকে গিয়ে ইনফেকশন তৈরি করে। অল্প বয়সী শিশু যখন কানে সব সময় হাত রাখে, তখন তা কানের ব্যথা বা এ রকম কোনো সমস্যা নির্দেশ করে। মা-বাবা অনেক সময় এ থেকে লাঘবের জন্য বাইরের প্রচলিত ব্যবস্থা মেনে নেন। কিন্তু সোজাসাপ্টা পরামর্শ হলো, এসব ব্যবস্থা শিশুর কানের জন্য ক্ষতিকর। চিকিৎসক ছাড়া শিশুর কানের জন্য যাতে অন্য কোনো পদক্ষেপ না নেওয়া হয়।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো,

Thursday, July 28, 2011

সেরেব্রাল পলসি

রাস্তার একপাশ দিয়ে অবনতমস্তক এক তরুণ অদ্ভুত এক আড়ষ্ট ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। একটা হাত ভাঁজ করে বুকের কাছে রাখা, একই দিকের পাও সে টেনে টেনে চলছে। হাঁটু ও কোমর একটু বাঁকা করে। মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে—এমন দৃশ্য মাঝেমধ্যে আপনার নজরে পড়তেই পারে। এমনটি যদি হয়, তবে সম্ভবত ওই তরুণটি সেরেব্রাল পলসি রোগে ভুগছে।
কোন শিশুদের হতে পারে
নির্দিষ্ট সময়ের আগেই যাদের জন্ম।
জন্মের সময় যাদের ওজন খুব কম থাকে।
জন্মের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশু।
সমস্যাযুক্ত প্রসব বা প্রসবে দীর্ঘ সময় লেগে যাওয়া।
রোগের কারণ
 গর্ভাবস্থায় মায়ের সংক্রমণজনিত বিভিন্ন রোগ, নেশাসক্তি বা কিডনিজনিত রোগ।
 জন্মের সময় কোনো কারণে যদি শিশুর মস্তিষ্কে অক্সিজেন ঘাটতি হয়।
 জন্মের পর মেনিনজাইটিস, খিঁচুনি, দুর্ঘটনা ইত্যাদি।
কেমন করে বোঝা যাবে
সাধারণত জন্মের পর পর তেমন কিছু বোঝা যায় না। তবে শিশু যখন সঠিক সময়ে বসতে, দাঁড়াতে বা হাঁটতে পারে না এবং শিশুর জন্মকালীন ইতিহাস যদি ওপরের বর্ণনামতো হয়, তবে ধারণা করা যেতে পারে যে শিশুটির সেরেব্রাল পলসি থাকতে পারে।
চিকিৎসা
সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীর অবস্থা উন্নত করা গেলে, রোগী নিজের জীবন-জীবিকার জন্য পরনির্ভরশীল না থেকে স্বাবলম্বী হতে পারে এবং পরিবার, সমাজ সর্বোপরি দেশ একজন অক্ষম মানুষের বোঝামুক্ত হয়ে সক্ষম এক মানুষের সাহায্য লাভ করতে পারে। সেরেব্রাল পলসির চিকিৎসা একটা সমন্বিত ব্যাপার এবং শিশুরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, সমাজকর্মী—সবাই মিলেই সমন্বিতভাবে এই চিকিৎসা করতে হয়।
চিকিৎসার মূল উদ্দেশ্যই থাকে রোগীর যা অবস্থা আছে তা থেকে কিছুটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ যে হুইল চেয়ারেই বসতে অক্ষম, তাকে হুইল চেয়ারে বসতে সমর্থ করা, যে হাঁটতে অক্ষম তাকে হাঁটতে সক্ষম করা ইত্যাদি। চিকিৎসা শুরু হতে হয় যখন রোগটা নিরূপণ করা হয় তখন থেকেই। এবং ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ওষুধের মাধ্যমে চিকিৎসা বিশেষ ধরনের জুতা ও অর্থোটিক্স এবং অর্থোপেডিক সার্জারি—এ ধরনের এক বা একাধিক চিকিৎসা পদ্ধতি প্রয়োজন পড়ে সেরেব্রাল পলসির চিকিৎসায়। অর্থোপেডিক সার্জারির মাধ্যমে আজকাল রোগীর চলাফেরা ও জীবন ধারণ অনেকখানিই সহজ করা যায়। বিশেষ করে যাদের দুই পা আক্রান্ত (Diplegia) অথবা এক দিকের হাত ও পা আক্রান্ত আছে, তাদের ক্ষেত্রে সার্জারির ফলাফল খুবই আশাব্যঞ্জক। সবাই মিলে হাত বাড়িয়ে দিলেই এই প্রায় অক্ষম মানুষগুলো অনেকখানি কর্মক্ষম হয়ে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসতে পারে। আমাদের স্বপ্নের সোনার দেশে এই ভাগ্যাহত মানুষগুলোকে যেন আমরা ভুলে না যাই।
সারওয়ার ইবনে সালাম
শিশু অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো

স্কুলব্যাগ বেশি ভারী নয় তো!

school-bag
সিনান (ছদ্মনাম) কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। ক্লাসের ফার্স্টবয়। স্কুলে পাঠ্যবই অনেক। হাতে করে সব বই স্কুলে নিয়ে যাওয়া বা নিয়ে আসা সিনানের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া আছে স্কুলের এবং বাড়ির কাজের নানা খাতা, পেনসিল বক্স, টিফিন বক্স, পানির বোতল। তাই সাহায্য নিতে হয় স্কুলব্যাগের। বই, খাতা, পেনসিল বক্স, টিফিন বক্স, পানির বোতল, খেলার সরঞ্জাম—সব মিলিয়ে বেশ ভারী হয়ে যায় স্কুলব্যাগটা। ব্যাগের ভারে ওর হাঁটতে কষ্ট হয়। শরীর বাঁকা হয়ে যায়। মাঝেমধ্যে পিঠব্যথা, ঘাড়ব্যথা, হাতব্যথার কথা বলে মায়ের কাছে।
শুধু সিনানই নয়, বাচ্চাদের স্কুলের সব ছাত্রই স্কুলব্যাগে করে বইপত্র আনা-নেওয়া করে এবং এদের অনেকেরই এ রকম শারীরিক সমস্যা হয়।
১৬-১৭ বছর বয়সের আগে শিশুর শরীরের হাড়, মেরুদণ্ডের হাড়ের জোড়ার লিগামেন্ট, মাংসপেশি—এসবের বিকাশ লাভ পরিপূর্ণ হয় না। কম বয়সে নিয়মিত বাড়তি ওজন বয়ে বেড়ালে এসবের বিকাশলাভে যেমন বিঘ্ন ঘটে, তেমনি দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। গবেষকদের মতে, বইখাতাভর্তি স্কুলব্যাগের ওজন বাচ্চার শরীরের ওজনের ১০ থেকে ১৫ শতাংশের বেশি যেন না হয়। আপনার সন্তানের ওজন ২০ কেজি হলে তার স্কুলব্যাগের ওজন দুই-তিন কেজির বেশি করা যাবে না। বেশি হলে এবং দিনের পর দিন এভাবে ব্যাগ বহন করলে তার মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে; কাঁধে, ঘাড়ে, পিঠে ব্যথা করতে পারে, যা পরে বড় হলেও থেকে যেতে পারে। মেরুদণ্ডে আছে পরপর সাজানো ৩৩টি কশেরুকা। দুই কশেরুকার ফাঁকে ফাঁকে আছে স্পঞ্জের মতো চাকতি। বেশি ভারে এসব চাকতি চ্যাপ্টা হয়ে যাবে। মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে।
মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থায় একপাশ থেকে দেখলে ইংরেজি ‘এস’ অক্ষরের মতো দেখায় অনেকটা। ঘাড়ের অংশ সামনের দিকে, পিঠের অংশ পেছনের দিকে, আবার কোমরের অংশ সামনের দিকে এবং নিতম্বের অংশ পেছনের দিকে বাঁকা। এটা মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা। বসা বা দাঁড়ানো অবস্থায় আমাদের মেরুদণ্ডের এই স্বাভাবিক বক্রতাকে ধরে রাখতে হবে। অন্যথায় হাড়, জোড়া, লিগামেন্ট ও মাংসপেশিতে চাপ পড়বে। মেরুদণ্ড, পিঠ ও কোমরব্যথাসহ নানা সমস্যা দেখা দেবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুঁজো হয়ে যাওয়ার আশঙ্কাও বেড়ে যাবে। স্কুলব্যাগের বইপত্রের ভারে আপনার সন্তান যদি সামনের দিকে বা পেছনের দিকে কিংবা ডানে অথবা বাঁয়ে বাঁকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে, স্কুলব্যাগটি বেশি ভারী হয়ে গেছে।
এ ছাড়া ব্যাগের ফিতার চাপে কাঁধ ফুলে যেতে পারে। এমনকি কাঁধে ক্ষতের সৃষ্টি হতে পারে। বাচ্চার কাঁধে, ঘাড়ে বা পিঠে ব্যথা হবে, পিঠ বাঁকা হয়ে যাবে। বাহু বা হাতেও ব্যথা হতে পারে। ঝিমঝিম করতে পারে হাতে।
এসব হলে বুঝতে হবে, ব্যাগের ওজন বেশি হয়ে গেছে।
 স্কুলব্যাগের ভারে ছোট্ট শিশুটির শারীরিক কোনো ক্ষতি যেন না হয়, সে জন্য বাবা-মাকে একটু সতর্ক হতে হবে।
 কিনতে হবে অপেক্ষাকৃত কম ওজনের কাপড়ের ব্যাগ। ব্যাগে ধাতব রিংয়ের বাড়তি ওজন যেন না থাকে।
 সরু ফিতার নয়, মোটা ফিতার ব্যাগ ভালো। সরু ফিতা কাঁধে দেবে যাবে বেশি, ব্যথা হবে।
 পিঠে ঝোলানো যায় এমন ব্যাগ ভালো। তাতে ব্যাগের ওজন ঠিকমতো পায়ের দিকে সঞ্চালিত হতে পারে। শরীর বাঁকা হবে না। এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলে শরীর একদিকে বাঁকা হয়ে যাবে। মেরুদণ্ডে ব্যথা হবে। মেরুদণ্ড বাঁকা হবে।
 দুই হাতে ওঠাতে হবে ব্যাগ। সন্তানের দুই হাত ব্যাগের দুই ফিতার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ব্যাগটা তার পিঠে ঝুলিয়ে দিতে হবে।
 ব্যাগের ফিতাগুলো যেন লম্বা না হয়। পিঠে ঝুলন্ত ব্যাগ যেন বাচ্চার ঠিক কোমরে এসে পড়ে। তাহলে বইভর্তি ব্যাগের ওজন কোমরে এসে পড়বে এবং দুই পা বেয়ে মাটিতে পতিত হবে, মেরুদণ্ডে চাপ পড়বে কম।
 ব্যাগের নিচের অংশ ফিতা দিয়ে কোমর বরাবর বেঁধে দিতে পারলে আরও ভালো। তাতে পিঠে বাড়তি চাপ পড়বে না। পিঠ বাঁকা হবে না। কোমরের নিচে ব্যাগ ঝুলতে থাকলে ব্যাগের ওজন পিঠ বাঁকা করে মাটির দিকে ধাবিত হবে এবং পিঠ বাঁকা হয়ে যাবে, ব্যথা হবে।
 ব্যাগে বেশি পকেট থাকলে ভালো। তাহলে ব্যাগের মোট ওজন ব্যাগের বিভিন্ন দিকে ভাগ করে দেওয়া যাবে। শরীরের দুই দিকে সমান চাপ পড়বে।
 মাথায় বিদ্যার বোঝা বেশি চাপাতে গিয়ে পিঠে ব্যাগের বোঝা যেন বেশি হয়ে না যায়, এ ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার শিক্ষকদেরও।
মো. শহীদুল্লাহ
বিভাগীয় প্রধান
কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
সূত্র: দৈনিক প্রথম আলো

Saturday, July 23, 2011

কিডনি, প্রদাহ, প্রস্টেট, প্রস্রাব, ব্যায়াম



মানব ত্বকের প্রধান কর্মযজ্ঞ হলো:
 শরীরে পানি ও ইলেকট্রো লাইটের ভারসাম্যতা রক্ষা করা
 দেহ তাপমাত্রা স্বাভাবিক রাখা
 অণুজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ প্রাচীর
 আঘাত, পরিবেশে থাকা নানা বিষ পদার্থ ও ক্ষতিকর আলট্রা ভায়োলেট সূর্যরশ্মি হতে সুরক্ষা বন্দোবস্ত
 ভিটামিন উৎপন্ন করা
 ইমিউন বা রোগ প্রতিরোধী সংস্থার প্রাথমিক নিরীক্ষা যন্ত্র
 ‘সুন্দর বটে তবে অঙ্গদখানি’—কসমেটিক সৌন্দর্য
 স্পর্শ ইন্দ্রিয়
 মা ও সন্তানের মাঝে প্রগাঢ় আত্মিক বন্ধন স্থাপনা
নবজাতকের স্নান
 গোসল নবজাতক শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রধান পথ। গর্ভ হতে লেপ্টে থাকা রক্ত, ভারনিস্ক, এইচআইভি, হেপাটাইটিস বি ভাইরাসর মতো জীবাণু সংক্রমণের হাত কমাতে।
 স্বল্প জন্ম ওজনের নবজাতকে গোসল নাড়ি ঝরে না পড়া পর্যন্ত অপেক্ষা করা শ্রেয়।
 নবজাতক গোসলের সময় পাঁচ মিনিটের বেশি হওয়া উচিত না। গোসলের জল যেন পরিশুদ্ধ থাকে।
 সাবান কিংবা ক্লিনারস জীবনের প্রথম কয়েক সপ্তাহ ব্যবহার না করা।
 গরম রুমে স্নান করিয়ে সঙ্গে সঙ্গে শিশুকে শুষ্ক তোয়ালে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে মুছে নিন এবং মায়ের বুকে দিয়ে দিন।
বেবি পাউডারের ব্যবহার
 তপ্ত কিংবা ভ্যাপসা আবহাওয়া কাজ দিলেও নবজাতকের বয়সে এর ব্যবহার কাঙ্ক্ষিত না।
 বেশি ব্যবহারে শিশুর ত্বকের গ্রন্থিগুলো শ্বাসপ্রশ্বাসে ছিদ্র বন্ধ করে দেয়—ঘামাচি তৈরি করে।
 বেবি পাউডার শিশুর শ্বাস-প্রশ্বাসে ফুসফুসে পৌঁছালে মারাত্মক অসুখ ডেকে আনে।
ডায়াপার এরিয়ার যত্ন
 শিশুর এ স্থান প্রায়শ ভেজা থাকে। মলমূত্র এক সঙ্গে মিশে পিএইচ মাত্রা বাড়ায়—ক্ষতি হয় ত্বকের।
 ঘরে ব্যবহূত ন্যাপকিন বা বাজারের ডায়াপার ঘন ঘন পাল্টানোই উত্তম।
 শিশুর ন্যাপকিনের স্থান সামান্য গরম জল ও কটন তুলায় পরিচ্ছন্ন রাখা যায়।
নাভি, নাক, চোখের যত্ন
 ভূমিষ্ঠ হওয়ার পর নাড়ি শুকিয়ে যায় এবং ৫-১০ দিনের মাথায় ঝরে পড়ে। নাভিতে কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই।
 নখ কেটে ছোট ও পরিষ্কার রাখা যায়।
 গরম জলে কটন সোয়াব ভিজিয়ে খুব আলতোভাবে চোখ পরিষ্কার করতে হবে।
 শিশু ত্বকের খসখসে ভাব দূর করতে নারকেল তেল অন্যান্য কেমিক্যালস এজেন্টের তুলনায় বেশি গ্রহণযোগ্য।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes